কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে নাস্তা শেষে ভুলবশত ফেলে যাওয়া দুই বছরের পাকিস্তানি শিশু নাফিসাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে কক্সবাজারের উদ্দেশে পুনরায় রওনা দেন।
শনিবার (২৭ জুন) দুপুরে মোস্তাফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শিশুটির পরিবার পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে এসে দুটি গাড়িতে করে কক্সবাজারের দিকে যাচ্ছিল। একটি গাড়িতে ছিলেন শিশুটির বাবা–মা এবং অন্যটিতে দাদা–দাদি ও অন্যান্য স্বজনরা। দুই পক্ষই ভেবেছিল শিশুটি অন্য গাড়িতে আছে, ফলে সে রেস্টুরেন্টে থেকে যায়।
পরবর্তীতে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবার বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত ফিরে আসে। এদিকে রেস্টুরেন্টে শিশুটিকে একা দেখতে পেয়ে কর্তৃপক্ষ সদর দক্ষিণ মডেল থানায় খবর দেয়। পরে সমাজসেবা অফিসের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে হস্তান্তর করা হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, শিশুটিকে একা পেয়ে তারা দ্রুত পুলিশকে জানায়। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, তথ্য যাচাই শেষে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।