ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ভয়াবহ ছক, চিরুনি অভিযান শুরু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:১০ এএম

আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অস্থিতিশীলতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মহাসড়কের কুমিল্লা অংশের ১৪টি কৌশলগত ও নির্জন পয়েন্টকে লক্ষ্য করে এই নাশকতার ছক কষা হচ্ছে বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে এই চক্রান্তের আগাম খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। জেলাজুড়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে শুরু হয়েছে বিশেষ চিরুনি অভিযান। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো এই অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

দেশের যেকোনো আন্দোলন বা রাজনৈতিক অচলাবস্থা তৈরিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে অচল করে দেওয়া রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান কৌশল। বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ১০৩ কিলোমিটার অংশকে অচল করে সরকারের ওপর চাপ তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোই তাদের মূল উদ্দেশ্য।

গোয়েন্দা তথ্য মতে, বর্তমানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সরাসরি ইন্ধন ও অর্থায়নে ক্যাডাররা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে রাতের আঁধারে নির্জন স্থানগুলোকে কাজে লাগিয়ে দূরপাল্লার যানবাহনে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিহ্নিত ১৪টি ঝুঁকিপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে দাউদকান্দির শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচংয়ের নিমসার ও কাবিলা; আদর্শ সদরের সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণের পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রামের আলকরা।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, গোপন নজরদারি ও প্রযুক্তির সাহায্যে নাশকতার চক্রান্তকারীদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিকল্পনাকারীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানান, চিহ্নিত পয়েন্টসহ পুরো ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। মহাসড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় যেকোনো অপশক্তিকে কঠোর হাতে দমন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত