অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ কাউছার (৩৫) নামের এক টমটম চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃত মোহাম্মদ কাউছার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় বসবাস করছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে টমটম নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কাউছার। এরপর রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে কাউছারের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হ্নীলা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অপহৃত ভিকটিমকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অপহরণ বন্ধে অপহরণকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের সোচ্চার হতে হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভিকটিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি সত্যিই অপহরণের শিকার হয়েছেন কিনা, নাকি অন্য কোনো কারণে তাকে আটকে রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাউছারের অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।