ডিবির অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

জয়পুরহাট অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার ব্যবহৃত ২০টি অ্যাপ সম্বলিত মোবাইলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বালিঘাটা ইউপির কোকতারার পাকড়তলী পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) ও কালাই উপজেলার পুনটের পূর্ব নয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম উপজেলার বালিঘাটা ইউপির কোকতারার পাকড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট এবং জুয়া খেলার বিভিন্ন অ্যাপস পাওয়া যায়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এই চক্রের সাথে জড়িত আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

MU
আরও পড়ুন