২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে পূর্ব ধেচুয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক আ. ম. ফারুক।

আটককৃত বেলাল উদ্দিন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিপিএসসির একটি আভিযানিক দল পূর্ব ধেচুয়াপালং এলাকায় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুত করা বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ বক্স বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহের কথা স্বীকার করেছেন। পরে এসব সিগারেট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করতেন বলেও জানিয়েছেন তিনি। জব্দ সিগারেটসহ তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।