কক্স কার্নিভালের আয়োজন ঘিরে সৈকতের ঝাউগাছ কাটার অভিযোগ

পর্যটকদের আকৃষ্ট করতে ৯০ দিনব্যাপী ‘কক্স কার্নিভাল’ আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ আয়োজনের অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের জন্য সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের পুরোনো গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। কোথাও পড়ে আছে কাটা গাছের মোটা গুঁড়ি, আবার কোথাও চলছে উৎসবের অবকাঠামো নির্মাণের কাজ।

পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের বিনোদনের লক্ষ্যে এ আয়োজন করা হলেও ঝাউবাগানের গাছ কাটার ঘটনায় স্থানীয় পরিবেশকর্মী, সংবাদকর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগান শুধু সৌন্দর্যবর্ধনের উপাদান নয়, উপকূলীয় পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। এসব গাছের শিকড় বালু ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি বাতাসের গতিবেগ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় সবুজ আচ্ছাদন সংরক্ষণ জরুরি। বহু বছরের পুরোনো গাছ কেটে ফেলার প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ মেয়াদে উপকূলীয় প্রতিবেশব্যবস্থার ক্ষতি হতে পারে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, পর্যটন খাতের বিকাশে উৎসব আয়োজনের বিরোধিতা করছেন না তাঁরা। তবে বহু বছরের পুরোনো প্রাকৃতিক ঝাউবাগান কেটে কার্নিভালের আয়োজন গ্রহণযোগ্য নয়। ঝাউবাগান অক্ষত রেখে বর্তমানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এমন খোলা মাঠে অথবা অন্য কোনো উপযুক্ত স্থানে তিন মাসের এ আয়োজন করা যেত।

তিনি আরও বলেন, পর্যটনশিল্পের বিকাশে প্রকৃতি অক্ষত রাখা জরুরি। কারণ কক্সবাজারের পর্যটনের প্রধান আকর্ষণ সমুদ্র, সৈকত ও প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত করে পর্যটন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ দীর্ঘ মেয়াদে এ শিল্পের জন্যও ক্ষতিকর হতে পারে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঝাউগাছ কাটার বিষয়ে বন বিভাগের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত তাঁদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের আশঙ্কা, পর্যটন অবকাঠামো নির্মাণের নামে নির্বিচারে গাছ কাটা হলে কক্সবাজারের উপকূলীয় প্রতিবেশব্যবস্থার দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। তাঁদের দাবি, কার্নিভালের জন্য ঠিক কতটি গাছ কাটা হয়েছে, কোন কর্তৃপক্ষের অনুমতিতে গাছগুলো কাটা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বনায়নের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।