টানা ঝড়-বৃষ্টি, তীব্র বাতাস এবং পদ্মা নদীতে অতিরিক্ত ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর থেকে দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নৌরুটটিবন্ধ হঠাৎ বন্ধ হওয়ায় নদীর দুই প্রান্তে বিপুলসংখ্যক যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার বেলা ১২টা থেকে প্রথমে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচলও সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, নদীতে মাত্রাতিরিক্ত ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তায় সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে এলে পুনরায় লঞ্চ চালু করা হবে।
অন্যদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুপুর সোয়া ১২টা থেকে ঘাটে তীব্র ঝড়ো হাওয়া শুরু হওয়ায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আবার ফেরি চলাচল শুরু হবে।