যমজ ভাইয়ের সঙ্গে দুই যমজ বোনের বিয়ে

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:১১ পিএম

শুনতে রূপকথা বা সিনেমার মতো মনে হলেও, বাস্তবে যমজ দুই বোনের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই ভাইয়ের। টাঙ্গাইলের ভূঞাপুরে ঘটে যাওয়া এই বিরল ও ব্যতিক্রমী বিয়ের ঘটনাটি এলাকায় রীতিমতো ব্যাপক আলোড়ন ও উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

বুধবার (১৭ জুন) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিয়ের কনেরা কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যা সুমাইয়া আক্তার পাতা ও সোনিয়া আক্তার লতা। তাদের বরেরা লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মো. নুরুল আলমের যমজ দুই ছেলে মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বার। তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা দেনমোহরে জেড়া যমজের রাজকীয় বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বরেরা দুই ভাই-ই লেখাপড়া শেষ করে বর্তমানে দুবাই প্রবাসী হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে কনেরা দুজনেই আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া দুই ভাইয়ের ইচ্ছা ছিল যমজ বোনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় এক শিক্ষকের সহায়তায় এই যমজ বোনেদের সন্ধান পান তারা। দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে এই চমৎকার বিয়ের আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিদের একনজর দেখতে কনের বাড়িতে উৎসুক মানুষের ঢল নামে। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এই বিরল মুহূর্তের সাক্ষী হতে বিয়ে বাড়িতে ভিড় জমান। বিরল এই বিয়ের পর দুই পরিবারের পক্ষ থেকে নবদম্পতিদের ভবিষ্যৎ সুখী জীবনের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

SN
আরও পড়ুন