পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নরসিংদীতে বাড়ির পাশে খেলাধুলা করার সময় গর্তে জমে থাকা পানিতে পড়ে তৌহিদ (৭) ও নাদিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত তৌহিদ শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে এবং নাদিম মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নোয়াদিয়া গ্রামে বাড়ির পাশে জমে থাকা পানির গর্তে পড়ে দুই শিশু তলিয়ে যায়। স্বজনরা অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে গর্তের পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ দুটি বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।