খাল থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় রঙ্গ খাতুন (৩৫) নামের এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) সকালে সাতগাছি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঙ্গ খাতুন ওই গ্রামের ইসমাইল মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, গত রোববার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রীজের নীচে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।