কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মরদেহটি বাংলাদেশে প্রবেশ করে। পরে তার স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মরদেহ দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, মরদেহ প্রথমে ঢাকায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে। রাউজানে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।
আরেফা সুলতানা বলেন, ‘ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন রোটন। ছয় দিন আগে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সে তিনি মারা যান।’
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন তিনি। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।
চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন রোটন। শনিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়।