জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। এতে শতাধিক ভুক্তভোগী ও জলবায়ুকর্মী কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদে অংশ নেন।
কর্মসূচির শুরুতে জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তরুণেরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে কাফনের কাপড় পরা তরুণেরা বৈশ্বিক উষ্ণায়নের জন্য উন্নত বিশ্বের দায় এবং উপকূলীয় মানুষের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।
শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত ও শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের ওপর। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততায় উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে। চলমান কপ সম্মেলনে বাংলাদেশের জন্য পর্যাপ্ত ও ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।’ উপকূলীয় মানুষের দৈনন্দিন সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই।’ কৃষিজমি রক্ষা করে উপকূলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না পরিবেশ রক্ষা, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় অংশগ্রহণকারীরা ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ’, ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বুঝুন’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
১৫ নভেম্বর সিডর দিবসের কথা স্মরণ করে জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ উপকূলে আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে ৩ হাজার ৪৯৫ জনের প্রাণহানি ঘটে। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়। ঘূর্ণিঝড়ে বহু মানুষ আহত হন এবং অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সম্পদ হারান।
সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের মতো ভয়াবহ দুর্যোগের ক্ষতি এখনো উপকূলের মানুষ কাটিয়ে উঠতে পারেনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল নতুন নতুন ঝুঁকির মুখে পড়ছে। সিডর দিবসে উপকূলের তরুণেরা বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখেছেন—আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর বিশ্বনেতাদের টনক নড়বে?
তিনি বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো, ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি জানান। জলবায়ু বিপর্যয় মোকাবিলা করে সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার মধ্য দিয়েই সিডরে নিহত ব্যক্তিদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।