বিরতি ভেঙে পর্দায় ফিরছেন বুবলী

রোজার ঈদে রায়হান রাফীর 'প্রেশার কুকার' ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন শবনম বুবলী। তবে এর আগ থেকেই কিছুটা আড়ালে ছিলেন এই অভিনেত্রী। কারণ, তখন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সম্প্রতি মা হওয়ার খবর জানিয়ে আবারও আলোচনায় আসেন বুবলী। জানা যায়, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি এবং সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।

মাতৃত্বের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ ছিল কবে আবার কাজে ফিরবেন বুবলী? এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে। নতুন ছবি 'ঢাকাইয়া দেবদাস'-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেত্রী।

ছবিটির নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। অভিনেত্রীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে আগামী সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন তিনি।

'ঢাকাইয়া দেবদাস'-এ বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। পুরান ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত হবে ছবিটি। গল্পের মূল আকর্ষণ হিসেবে থাকবে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর সম্পর্ক। ছবিতে বাংলা ভাষার পাশাপাশি উর্দু সংলাপেও দেখা যাবে বুবলী ও আদরকে।

নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু সময় নেবেন, তাই এর মধ্যে আমরা ছবির অন্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি বুবলী। মা হওয়ার পর থেকে গণমাধ্যমের সামনেও খুব বেশি আসছেন না এই অভিনেত্রী।