বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে ২৯১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।
রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য দেখা যায়।
তালিকায় ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা। ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে দেশটির রাজধানী দিল্লি। এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কিনশাসা। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম, যার স্কোর ১৭৮।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।