টুঙ্গিপাড়ায় এক রাতের পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ আসামি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক রাতের বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মারামারি ও মাদক মামলার এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। তাঁরা সবাই মারামারির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন। এ ছাড়া তিনটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত নিলফা এলাকার তরিক মুন্সী (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে নয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার নিলফা এলাকায় অভিযান চালিয়ে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ১০ আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন