দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি সাতজন এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে সারাদেশে নতুন করে ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু। অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪ হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।
প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৩ জন এবং উপসর্গ নিয়ে আরও ২১৬ জন- সব মিলিয়ে ২৫৯ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ২১ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৫৫ জন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের জ্বর এবং শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আক্রান্ত শিশুকে অবশ্যই অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং প্রচুর তরল খাবার ও ভিটামিন-এ সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে। মহামারি রুখতে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।