বদ্ধ ঘরে অক্সিজেনের সংকটে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এই নির্মম মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে এবং এই অপরাধের শাস্তি হিসেবে ইতিমধ্যেই সংশ্লিষ্ট হাসপাতালের নিবন্ধন (লাইসেন্স) বাতিল করা হয়েছে। অপরাধ করে সরকারের চোখে ধুলো দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পোস্টমর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল একটি সুবিধা নিতে পারে। তবে আদালত জানে নির্মমভাবে ছয় শিশুর মৃত্যু হয়েছে।” পুরো ঘটনাটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, প্রকৃত অপরাধীরা খুব দ্রুতই কঠোর বিচারের আওতায় আসবে।
মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম চালু থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের মূল লাইসেন্সও বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো অঞ্চলের শাখা থাকলে তা সচল রাখতে কোনো আইনি বাধা নেই।
হাসপাতাল ট্র্যাজেডির আলোচনার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় উদ্যোগ ‘ভিটামিন-এ ক্যাম্পেইন’ নিয়েও কথা বলেন। তিনি জানান, সারা দেশে একযোগে ভিটামিন-এ ক্যাম্পেইন চালু করার জন্য মন্ত্রণালয় জোরেশোরে কাজ করছে। আগামী ২ থেকে ৪ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যে ঠিক কবে থেকে এই জাতীয় ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে।