ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো শিশু যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য কর্মসূচিটি টানা কয়েক দিন ধরে চলবে। প্রথম দিনে কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দিনে তাকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার মজুত না পাওয়ায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বেড়েছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ইউনিসেফের (UNICEF) মাধ্যমে আন্তর্জাতিক পরীক্ষাগারে যাচাইকৃত অত্যন্ত উন্নত মানের লাল ও নীল রঙের ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল সংগ্রহ করেছে। তাই টিকার মান নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’র পাশাপাশি মায়ের দুধের ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "রোগ প্রতিরোধে জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে। শালদুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না।" একই সঙ্গে তিনি শিশুদের সুষম খাবার নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।