ঝটপট তৈরি করুন ইন্দোনেশিয়ান ‘বুবুর আয়াম’

পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে আমরা সাধারণত ভাজাপোড়া বা অতিরিক্ত মসলাদার খাবার খেয়ে থাকি। তবে দীর্ঘ সময় খালি পেটে থাকার পর এ ধরনের খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই স্বাস্থ্য সচেতন অনেকেই এখন ইফতারে হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য খাবারের দিকে ঝুঁকছেন।

আপনার ইফতারের মেনুতে বৈচিত্র্য আনতে তৈরি করতে পারেন ইন্দোনেশিয়ার অত্যন্ত জনপ্রিয় খাবার ‘বুবুর আয়াম’ (Bubur Ayam)। এটি মূলত একটি সুস্বাদু চিকেন রাইস পোরিজ বা মুরগির মাংসের জাউ ভাত। এটি যেমন পুষ্টিকর, তেমনি তৈরি করাও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালি।

উপকরণ

  • পোলাও চাল: ১ কাপ
  • মুরগির মাংস (হাড় ছাড়া): ২ কাপ
  • আদা (থেঁতো করা): ১ ইঞ্চি
  • রসুন কুচি: আধা চা চামচ
  • হলুদ ও ধনিয়া গুঁড়া: আধা চা চামচ
  • তেজপাতা ও লেমনগ্রাস: ১টি করে
  • সেদ্ধ ডিম: ১টি
  • পেঁয়াজ বেরেস্তা: ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ও লবণ: স্বাদমতো
  • কাঁচা মরিচ কুচি: ১ চা চামচ
  • সয়া সস: ১ চা চামচ
  • তিলের তেল: আধা চা চামচ
  • ধনেপাতা কুচি ও ভাজা বাদাম: সাজানোর জন্য
  • পানি: ৮-১০ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে মুরগির মাংস, আদা, রসুন, তেজপাতা, লেমনগ্রাস এবং পরিমাণমতো পানি ও লবণ দিয়ে জ্বাল দিন।

মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে নিন। এই পানিটি (স্টক) আলাদা করে রাখুন। মাংস ঠান্ডা হলে হাত দিয়ে ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নিন।

এবার চাল ধুয়ে সেই চিকেন স্টকের মধ্যে দিয়ে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন যাতে পাত্রের নিচে লেগে না যায়।

চাল একদম গলে গিয়ে যখন ঘন ক্রিমের মতো হয়ে আসবে, তখন এতে স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। প্রয়োজনে আরও কিছুটা গরম পানি যোগ করতে পারেন।

রান্না শেষ হলে একটি সুন্দর বাটিতে এই জাউ ভাত বা পোরিজ ঢালুন।

পরিবেশন

পোরিজের ওপরে আগে থেকে কুচি করে রাখা চিকেন, সেদ্ধ ডিমের ফালি, পেঁয়াজ বেরেস্তা, ভাজা বাদাম, কাঁচা মরিচ এবং ধনেপাতা ছড়িয়ে দিন। স্বাদ বাড়াতে ওপর থেকে সামান্য সয়া সস ও তিলের তেল দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এই পুষ্টিকর খাবারটি যেমন শরীরে শক্তি জোগাবে, তেমনি পাকস্থলীর জন্য আরামদায়ক হবে।