মাঝরাতে হঠাৎ ক্ষুধা পেয়েছে, কিন্তু রান্নাঘরে গিয়ে বড়সড় কোনো আয়োজন করার ইচ্ছা নেই। এমন সময়ে অনেকেরই ভরসার নাম নুডলস। দুই-একটি ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ থাকলেই কয়েক মিনিটে তৈরি হয়ে যায় গরম গরম এক বাটি খাবার। তাই শুধু সহজ খাবার নয়, হঠাৎ ক্ষুধার সময়ে নুডলস যেন অনেকের কাছে একরকম ‘সেভিয়ার’।
রাত জাগার সঙ্গী থেকে শুরু করে বিকেলের হালকা নাশতা; নুডলসের সঙ্গে জড়িয়ে আছে অনেকের ছোট ছোট স্মৃতি। কেউ এটিকে মাখামাখা করে খেতে পছন্দ করেন, কেউ আবার একটু ঝোল রেখে। আবার রান্নার ধরনেও আছে নানা বৈচিত্র্য। বাংলাদেশি ঘরেও তাই নুডলস পেয়েছে একেবারে দেশি স্বাদ।
ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বাংলাদেশি স্বাদের সঙ্গে মানানসই পাঁচ ধরনের নুডলসের রেসিপি জেনে নেওয়া যাক:
১. ডিম-পেঁয়াজ-মরিচের ঝটপট নুডলস
যা লাগবে: নুডলস ১ প্যাকেট, ডিম ১-২টি, পেঁয়াজ ১টি, কাঁচামরিচ ২-৩টি, নুডলসের মসলা, লবণ ও তেল।
যেভাবে বানাবেন: কড়াইয়ে সামান্য তেল গরম করে প্রথমে ডিম দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভাজুন। পেঁয়াজ একটু নরম ও হালকা বাদামি হয়ে এলে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে নুডলস দিয়ে দিন। এরপর প্যাকেটের মসলা ও প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নেড়ে রান্না করুন।
যারা মাখামাখা নুডলস পছন্দ করেন, তারা পানি একেবারে শুকিয়ে যাওয়ার আগেই চুলা বন্ধ করে দিতে পারেন। আর একটু ঝোল রাখতে চাইলে সামান্য পানি রেখে নামিয়ে নিন।
২. ঝাল ঝাল কাঁচামরিচ নুডলস
যা লাগবে: নুডলস ১ প্যাকেট, ডিম ১টি, পেঁয়াজ, কাঁচামরিচ ৩-৪টি, রসুন কুচি, মরিচের গুঁড়া সামান্য, নুডলসের মসলা, লবণ ও তেল।
যেভাবে বানাবেন: তেলে ডিম ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজুন। ঝাল বেশি পছন্দ করলে সামান্য মরিচের গুঁড়াও দিতে পারেন। এবার পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে নুডলস ও মসলা দিয়ে দিন। নুডলস নরম হওয়া পর্যন্ত নেড়ে রান্না করুন। শেষে একটু ঝোল রেখে নামালে গরম গরম খেতে বেশ ভালো লাগবে। চাইলে ঝোল শুকিয়ে মাখামাখাও করে নিতে পারেন।
৩. ডিম-সবজি নুডলস
যা লাগবে: নুডলস ১ প্যাকেট, ডিম ১-২টি, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, নুডলসের মসলা, লবণ ও তেল।
যেভাবে বানাবেন: কড়াইয়ে তেল দিয়ে ডিম ভেজে নিন। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভাজুন। গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন।
এবার পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নুডলস ছেড়ে দিন। নুডলসের মসলা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে রান্না করুন। সবজি একটু মচমচে রাখতে চাইলে বেশি সময় রান্না করার দরকার নেই। পানি শুকিয়ে এলে মাখামাখা করে নামিয়ে ফেলুন।
৪. মুরগির ঝোলঝোলে নুডলস
যা লাগবে: নুডলস ১ প্যাকেট, হাড়ছাড়া মুরগি ছোট টুকরা করে ½ কাপ, ডিম ১টি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা-রসুন কুচি, নুডলসের মসলা, লবণ ও তেল।
যেভাবে বানাবেন: কড়াইয়ে তেল দিয়ে মুরগির টুকরাগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ ও আদা-রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। ডিম দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন, যাতে মুরগি ভালোভাবে সেদ্ধ হয়। পানি ফুটে উঠলে নুডলস ও মসলা দিয়ে দিন। নুডলস নরম হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
এটি একটু বেশি পানি রেখে ঝোলঝোলে করে খেতে পারেন। চাইলে পরিবেশনের সময় ওপর থেকে সামান্য কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিতে পারেন।
৫. টমেটো-ডিম নুডলস
যা লাগবে: নুডলস ১ প্যাকেট, ডিম ১টি, পেঁয়াজ ১টি, কাঁচামরিচ ২টি, টমেটো ১টি, নুডলসের মসলা, লবণ, সামান্য মরিচের গুঁড়া ও তেল।
যেভাবে বানাবেন: কড়াইয়ে তেল গরম করে ডিম ভেজে নিন। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভাজুন। টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। চাইলে সামান্য মরিচের গুঁড়া দিতে পারেন। টমেটো নরম হয়ে এলে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে নুডলস ও মসলা দিয়ে নেড়ে দিন। নুডলস সেদ্ধ হয়ে এলে স্বাদ দেখে লবণ ঠিক করে নিন।
এটি মাখামাখা করে খেতে চাইলে পানি প্রায় শুকিয়ে নিন। আর টমেটোর ঝোলের স্বাদ পেতে চাইলে অল্প পানি রেখে নামিয়ে পরিবেশন করুন।
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
কাজ পেতে অস্বস্তিকর দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি
২৪ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন