ইফতারে ভিন্ন স্বাদের চকলেট সাবুদানার পায়েস

পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি পেতে মিষ্টি খাবারের বিকল্প নেই। সাধারণ খাবারের একঘেয়েমি দূর করতে এবং পেট ঠান্ডা রাখতে পাতে রাখতে পারেন ভিন্ন স্বাদের ‘চকলেট সাবুদানার পায়েস’। খুব সহজলভ্য উপকরণে ঝটপট তৈরি করা যায় এই পুষ্টিকর ডেজার্টটি।

নিচে দেওয়া হলো ভিন্নধর্মী এই পায়েস তৈরির সহজ রেসিপি:

উপকরণ

  • তরল দুধ: ২ লিটার
  • সাবুদানা: ৪ কাপ
  • চিনি: স্বাদমতো
  • এলাচি: ৩টি
  • কুকিং চকলেট: ১ কাপ (মাইক্রোওয়েভে গলানো)
  • তেজপাতা: ১টি

প্রস্তুত প্রণালি

১. প্রথমে ২ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে দেড় লিটারে নামিয়ে আনুন।
২. দুধ জ্বাল দেওয়ার সময় অন্য একটি পাত্রে সাবুদানা ডুবো পানিতে ভিজিয়ে রাখুন।
৩. দুধ ঘন হয়ে এলে এতে এলাচি, তেজপাতা ও স্বাদমতো চিনি যোগ করুন।
৪. এবার ভেজানো সাবুদানা থেকে পানি ঝরিয়ে নিয়ে ফুটন্ত দুধে দিয়ে দিন।
৫. মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন এবং সাবুদানা সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন কৌশল

রান্না করা পায়েসটিকে দুই ভাগে ভাগ করে নিন। এক ভাগের সঙ্গে দুই টেবিল চামচ গলানো চকলেট ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিবেশন কাপে প্রথমে চকলেট মেশানো পায়েস দিন। এটি কিছুটা জমে যাওয়ার পর ওপরের স্তরে সাদা পায়েস ঢেলে দিন। সবশেষে ওপরে বাকি গলানো চকলেট ছড়িয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ইফতারে।