রান্না তো আমরা সবাই করি, কিন্তু সেই রান্নায় কীভাবে পেশাদার শেফদের মতো বিশেষ একটা স্বাদ বা ‘সিগনেচার টাচ’ আনা যায়? এই রহস্যের সমাধান দিতেই নতুন বই নিয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় প্রাইভেট শেফ রেইলি মিহান। ইনস্টাগ্রাম এবং টিকটকে ১০ লাখেরও বেশি অনুসারী রয়েছে তার, যারা প্রতিনিয়ত তার সহজ কিন্তু অসাধারণ সব রেসিপির প্রেমে পড়েন।
রেইলি মিহানের বড় হওয়া ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে, যেখানে বাড়ির চারপাশেই ছিল ব্ল্যাকবেরি ঝোপ আর পিচ ফল। মাত্র ১১ বছর বয়সে নিজের বাগান থেকে তোলা পিচ ফল দিয়ে পাই বানিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি। সেই থেকে শুরু, আর এখন তিনি লস অ্যাঞ্জেলেস থেকে হ্যাম্পটনস পর্যন্ত বড় বড় সেলিব্রিটিদের ব্যক্তিগত শেফ হিসেবে কাজ করেন।
আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম বই ‘এ লিটল বিট এক্সট্রা: ১০০ রেসিপি দ্যাট সার্ভ আপ সামথিং স্পেশাল’। বইটিতে তিনি দেখিয়েছেন কীভাবে সাধারণ সব উপকরণ দিয়ে একটু ‘এক্সট্রা’ বা বাড়তি যত্ন যোগ করে রান্নার মান বদলে দেওয়া যায়। রেইলির মতে, “রান্নায় সামান্য একটু লাল ভিনেগার যোগ করা বা লেবুর খোসার জেস্ট (Zest) ছিটিয়ে দেওয়ার মতো ছোট ছোট বিষয়গুলোই সাধারণ খাবারকে অনন্য করে তোলে।”
শেফ রেইলি মিহানের সেই ‘এক্সট্রা’ স্বাদের ঝলক পেতে তৈরি করতে পারেন তার সিগনেচার ‘শীতকালীন সালাদ’। এটি স্বাস্থ্যকর, প্রোটিন সমৃদ্ধ এবং তৈরি করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।
রেসিপি: ডেলিকাটা স্কোয়াশ, ডালিম ও গোট চিজ সালাদ (উইথ কিউমিন ইয়োগার্ট)
উপকরণ
স্কোয়াশ রোস্টের জন্য: ডেলিকাটা স্কোয়াশ ২ টি (গোল করে কাটা), অলিভ অয়েল ১/৪ কাপ, ম্যাপেল সিরাপ ২ টেবিল চামচ, শুকনো সেজ পাতা ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ গুড়ো।
জিরা-দই ড্রেসিংয়ের জন্য: গ্রিক ইয়োগার্ট ১ কাপ, লেবুর রস ও জেস্ট অর্ধেকটা, ভাজা জিরার গুড়ো ২ চা চামচ, ধনিয়া গুড়ো ১ চা চামচ, স্বাদমতো লবণ।
সালাদ টপিংস: ডালিমের দানা ১ কাপ, গোট চিজ (Goat Cheese) ১১৩ গ্রাম, ভাজা কুমড়োর বীজ (Pepitas) আধা কাপ, লাল পেঁয়াজ কুচি সামান্য।
প্রস্তুত প্রণালি:
১. ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। একটি বোলে স্কোয়াশ টুকরোগুলোর সাথে অলিভ অয়েল, ম্যাপেল সিরাপ, সেজ পাতা ও লবণ-মরিচ মেখে নিন।
২. বেকিং ট্রে-তে সাজিয়ে ২০ মিনিট রোস্ট করুন যতক্ষণ না স্কোয়াশগুলো নরম ও বাদামি আভা পায়। এরপর ওভেন থেকে বের করে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করুন।
৩. ছোট একটি বাটিতে দইয়ের সাথে লেবুর রস, জেস্ট, জিরা ও ধনিয়া গুড়ো মিশিয়ে ড্রেসিং তৈরি করে নিন।
৪. একটি বড় প্লাটারে রোস্ট করা স্কোয়াশ সাজান। ওপর থেকে ডালিমের দানা, গোট চিজ, কুমড়োর বীজ ও পেঁয়াজ কুচি ছড়িয়ে দিন। সবশেষে ওপর থেকে দইয়ের মিশ্রণটি দিয়ে পরিবেশন করুন।
শেফ রেইলি মিহানের মতে, এই সালাদটি কেবল স্বাদে নয়, এর বর্ণিল রূপ আপনার খাবার টেবিলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে।