দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপগামী ‘এমভি হন্ডিয়াস’ (MV Hondius) নামক একটি বিলাসবহুল প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী হান্টাভাইরাস। এই ভাইরাসের একটি বিশেষ ধরন বা স্ট্রেইন (Andes strain) মানুষ থেকে মানুষে ছড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এখন পর্যন্ত জাহাজে থাকা ৬ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।
সাধারণত হান্টাভাইরাস ইঁদুরের মল-মূত্র বা লালা থেকে ছড়ালেও, ‘অ্যান্ডিস’ নামক এই বিশেষ স্ট্রেইনটির ক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির লালায় এই ভাইরাস বিদ্যমান থাকে। ফলে চুম্বনের মাধ্যমে, একই গ্লাস বা বোতলে পানীয় পান করলে অথবা খুব কাছ থেকে কাশি ও হাঁচির মাধ্যমে এটি অন্যকে সংক্রমিত করতে পারে। আরও আশঙ্কাজনক তথ্য হলো-পরিবারের সাধারণ সদস্যদের তুলনায় যৌন সঙ্গীদের মধ্যে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রায় ১০ গুণ বেশি।
ধারণা করা হচ্ছে, দক্ষিণ আমেরিকায় পাখি দেখতে গিয়ে দুই ডাচ পর্যটক ইঁদুরের মাধ্যমে প্রথম এই ভাইরাসে আক্রান্ত হন। গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন। পথে ১১ এপ্রিল একজন যাত্রীর মৃত্যু হয়। গত ২৪ এপ্রিল বেশ কয়েকজন যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে নেমে যাওয়ায় এখন বিশ্বজুড়ে ওই যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
হান্টাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশ্বস্ত করেছে যে, এটি কোভিডের মতো বড় কোনো মহামারিতে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। ডব্লিউএইচও-এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারকোহভ বলেন, ‘এটি নতুন কোনো কোভিড নয়। এটি কেবল একটি জাহাজে দেখা দেওয়া স্থানীয় প্রাদুর্ভাব। হান্টাভাইরাস কেবল খুব কাছাকাছি সংস্পর্শে এলে ছড়ায়, তাই এটি নিয়ন্ত্রণ করা সহজ।’
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার অ্যান্ড্রু পোলার্ডও একই মত প্রকাশ করে জানিয়েছেন, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি অত্যন্ত ধীর, তাই এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
বর্তমানে এমভি হন্ডিয়াস জাহাজের সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের সেবায় নিয়োজিতদের বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্তদের দ্রুত আলাদা বা কোয়ারেন্টাইন করার মাধ্যমেই এই সংক্রমণ পুরোপুরি থামিয়ে দেওয়া সম্ভব। সূত্র : দ্য টেলিগ্রাফ