নারিকেল দিয়ে মজাদার চিড়া তৈরি করবেন যেভাবে

নারিকেল দিয়ে তৈরি নানা ধরনের খাবারের তৈরি করা যায়। মিষ্টি থেকে নোনতা, রান্নাঘরের পরিচিত এই উপকরণ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের অসংখ্য পদ। তেমনই মজার একটি খাবার হলো নারিকেলের চিড়া। রাস্তার ধারে কিংবা বিভিন্ন খাবারের দোকানে দেখা মেলে এই বাহারি খাবারের।

দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনই মজাদার-দেখলেই জিভে জল আসতে পারে। তবে জানেন কি, নারিকেলের চিড়া বাড়িতেই খুব সহজে তৈরি করা যায়? ঝামেলাও কম, উপকরণও হাতের কাছেই থাকে।  আসুন জেনে নেওয়া যাক সুস্বাদু নারিকেলের চিড়া কীভাবে তৈরি করবেন-

উপকরণ: নারকেল একটি, চিনি আধা কাপ, পানি আধা কাপ, লবণ এক চিমটি. 

প্রস্তুত প্রণালি
প্রথমে নারিকেল ভেঙে ভেতর থেকে শাঁস বের করে নিন। বঁটি বা ছুরি দিয়ে শাঁসের পেছনের বাদামি অংশটি পাতলা করে কেটে পরিষ্কার করুন। এবার একটি ধারালো ছুরি বা পিলারের সাহায্যে নারিকেল খুব পাতলা ও লম্বা করে ফালি করুন। ফালিগুলো যেন দেখতে অনেকটা চিড়ার মতো হয়, সেদিকে খেয়াল রাখুন।

এবার কাটা নারিকেলের ফালিগুলো পরিষ্কার পানিতে ৪-৫ বার ভালোভাবে ধুয়ে নিন। এতে নারিকেলের বাড়তি অংশ পরিষ্কার হয়ে যাবে। এরপর একটি কড়াইয়ে প্রয়োজনমতো পানি ও চিনি দিয়ে জ্বাল দিন। চিনি পুরোপুরি গলে সিরা কিছুটা ঘন হয়ে এলে এক চিমটি লবণ দিন।

এবার ধুয়ে রাখা নারিকেলের ফালিগুলো চিনির সিরায় দিয়ে দিন। মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে থাকুন, যাতে নারিকেলের সঙ্গে সিরা ভালোভাবে মিশে যায়। ধীরে ধীরে পানি শুকিয়ে এলে নারিকেলের ফালিগুলো শুকনো, মুচমুচে ও হালকা ভাজা ভাজা হয়ে আসবে। তখন চুলার আঁচ বন্ধ করে দিন।

নারিকেলের ফালিগুলো আরেকটি পাত্রে তুলে ভালোভাবে ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে মজাদার নারিকেলের চিড়া। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।