কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। এ উদ্দেশ্যে প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর থেকে প্রতারণামূলক ফোনকল করছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিধি অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে নির্বাচনকালীন সম্মানি প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই।

এমতাবস্থায়, নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।