আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বড় ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে সরকার। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিনসহ ভোটের আগে ও পরের মোট ৭ দিন তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং কর্মএলাকা নির্ধারণ করে দেবেন। তারা কেবল মোবাইল কোর্টই পরিচালনা করবেন না, বরং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন।
মাঠে নামার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট তাদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।
নির্বাচনি অপরাধ দমন এবং আচরণবিধি লঙ্ঘন রোধে এই বিশাল সংখ্যক ম্যাজিস্ট্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
