সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার জুলাই সনদ ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য এবং এ বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহিদ দিবস উপলক্ষে রংপুর নগরীর জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুই বছর আগে ১৬ জুলাইয়ের আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সরকার দিনটিকে জাতীয় জুলাই শহিদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে রংপুরসহ সারা দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

আহমেদ আযম খান বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ প্রায় ১ হাজার ৪০০ আন্দোলনকারীর আত্মত্যাগ এবং দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা হচ্ছে শহিদদের আত্মত্যাগের আলোকে গণতন্ত্রকে আরও সুসংহত করা এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জুলাই আন্দোলনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী উপস্থিত ছিলেন।