বেনজির ও হাদী ইস্যুতে আমিরাত ও ভারত সরকারের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, উভয় দেশের কাছে আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সব আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য ৩০ দিনের সময়সীমা দিলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই সব নথিপত্র পাঠিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্যও ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই তিন সন্দেহভাজনের বিরুদ্ধে বর্তমানে ভারতে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচারাধীন অবস্থাতেও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তরের সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বাংলাদেশ প্রত্যর্পণ-সংক্রান্ত প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতির প্রত্যাশা করছে।

Attr
আরও পড়ুন