স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠকে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।
মাহদী আমিন আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। দলীয় মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান এই ঐক্যকে আরও সুসংহত করতে সরকার কাজ করছে। মাহদী আমিন আরও বলেন, পলাতক শক্তি যেন দেশে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
জুলাই প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি