শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের সময় প্রদত্ত বক্তব্য এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
নির্বাচনী এলাকার বিভিন্ন মণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রুমিন ফারহানা। এ সময় উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। তবে মণ্ডপে প্রণাম করা ও শুভেচ্ছা বক্তব্যকে ঘিরে নেটিজেনদের একাংশ থেকে সমালোচনার ঝড় ওঠে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিন ফারহানাকে দেবী দুর্গার আদলে উপস্থাপন করে একটি এডিটেড ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান এই নারী এমপি। ঘৃণাবিদ্বেষ ছড়ানোর উদ্দেশে তৈরি করা এই ছবির জবাবে তিনি ব্যঙ্গাত্মক ‘২২টি বচন’ তুলে ধরেন।
সামাজিক অপরাধ, মিথ্যাচার, নারীর প্রতি সহিংসতা ও দুর্নীতি সত্ত্বেও ধর্মের হানি হয় না, অথচ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখালেই কেন ধর্মানুভূতিতে আঘাত লাগে—এমনই তীক্ষ্ণ প্রশ্ন তুলে ধরেছেন তিনি তাঁর ২২টি পয়েন্টে। একই সঙ্গে মূল ছবির অসঙ্গতি ধরে ট্রোলকারীদের 'মূর্খ' বলেও আখ্যা দেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একদল তাঁর এই পদক্ষেপকে অসাম্প্রদায়িকতার সাহসী রূপ হিসেবে সাধুবাদ জানালেও, অন্য অংশটি ধর্মীয় অনুভূতির অজুহাতে তীব্র সমালোচনা অব্যাহত রেখেছে।