নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে দলের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভার পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপির কেন্দ্রীয় কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সক্রিয়ভাবে মাঠে থাকবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদেও কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এসব বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এসব জনসংশ্লিষ্ট ইস্যুতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সভায় কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের বিষয়টিও চূড়ান্ত করা হয়। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির কাজও জোরদার করা হবে।

সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত