হাসনাত আব্দুল্লাহ

গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় নিতে দেয়া হবে না

দেশে গণহত্যাকারী ও পলায়নকারী কোনো ফ্যাসিস্ট শক্তির জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার চিত্র তুলে ধরে তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত শক্তির সন্ত্রাসীরা রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে চালককে হত্যা করেছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল হামলা চালিয়ে রক্তপাত ঘটানো হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কের ওপর সশস্ত্র আক্রমণ করা হয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবি নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা হাসনাত জানতে চান, রাজনৈতিক দলটি আর কত রক্ত, হত্যা ও সন্ত্রাস চালালে মানুষ তাদের প্রকৃত চেহারা চিনতে পারবে? ভিডিও প্রমাণ থাকার পরও দলটির সহিংসতার আগ্রাসনে লাগাম টানা সম্ভব হচ্ছে না।

রাষ্ট্রীয় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর হলেও এখনো শিক্ষার্থীদের রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে। তিনি সতর্ক করেন, কোনো ধরনের ‘নেপোকিড’ নয়, বরং তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আসা জুলাইয়ের স্বাধীনতাকে আমানত হিসেবে রক্ষা করা হবে।

নিজেদের সুরক্ষায় সরকারের ওপর পুরোপুরি নির্ভর না করে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান আবুল হাসনাত আবদুল্লাহ। একইসাথে শহীদদের আত্মত্যাগের স্মরণে তরুণদের অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।