প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

তুরস্কের আনতালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের ম্যাক্স রয়েল হোটেলে আয়োজিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। 

বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে উভয় নেতা একমত প্রকাশ করেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন 'কপ-৩১'-এর শীর্ষ বৈঠকের আগের দিন সন্ধ্যায় এ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রতিরক্ষা খাতের বিস্তার, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ ক্ষেত্রে নতুন অংশীদারত্বের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকের স্মৃতি স্মরণ করেন। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তিনি সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও বহুমুখী ও গভীর করার বিষয়ে প্রধানমন্ত্রী বৈঠকে গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বেগবান করতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার ওপর জোর দেন তিনি।

জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করা এবং খনিজ সম্পদ বিভাগে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশে উদীয়মান নবায়নযোগ্য জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি। এই বৈশ্বিক সংকট কাটাতে যৌথ অংশীদারত্ব ও আন্তর্জাতিক সমন্বয়ের গুরুত্ব বৈঠকে আলাদাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাদের মাঠপর্যায়ের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের অবিচল অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘ এবং ওআইসি-তে তুরস্ককে তাদের সক্রিয় ভূমিকা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এইচএন
আরও পড়ুন