ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম রাজনৈতিক দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছেন। তাঁর সাবেক রাজনৈতিক উপদেষ্টা নির্ হেফেৎজের মতে, যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নেতানিয়াহুর মানসিক চাপ ও উদ্বেগ বড় অনুঘটক হিসেবে কাজ করে।
সম্প্রতি ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট নতুন জোট সরকার গঠনের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। ১০৩এফএম-এর সাক্ষাৎকারে হেফেৎজ দাবি করেন, ক্ষমতা হারানোর ভয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন সমঝোতার পথ খুঁজছেন।
সাবেক উপদেষ্টার ভাষ্যমতে, নেতানিয়াহুর ব্যক্তিগত ক্ষমতা বা পদ ঝুঁকিতে পড়লেই তাঁর কার্যালয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অনিশ্চয়তার সময়ে তাঁর স্ত্রী সারা এবং ছেলে ইয়াইরের পক্ষ থেকে ঘন ঘন জরুরি বার্তা আসতে শুরু করে।
বিরোধী দলের বেঞ্চে ফেরার চিন্তা নেতানিয়াহু ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত অস্বস্তিকর। আন্তর্জাতিক স্তরে প্রাপ্ত সম্মান ও ক্ষমতার সুযোগ-সুবিধা হারানোর ভয় তাঁদের মানসিক চাপে রাখছে বলে মন্তব্য করেছেন এই সাবেক উপদেষ্টা।
হেফেৎজ জানান, আইজেনকোটকে প্রধানমন্ত্রী পদে দেখা নেতানিয়াহু পরিবারের কাছে গাজায় বন্দি সংকটের চেয়েও ভয়াবহ দৃশ্য। ফলে আইজেনকোটের এই রাজনৈতিক অগ্রযাত্রা রুখতে নেতানিয়াহু যেকোনো রাজনৈতিক শর্ত মেনে নিতে পারেন।
ইসরায়েলের রাজনীতিতে আল্ট্রা-অর্থোডক্স (গোঁড়া ইহুদি) দলগুলোর সমর্থন নেতানিয়াহুর দীর্ঘদিনের ভিত্তি। তবে আইজেনকোট নিজের ব্যক্তিত্ব ও ক্লিন ইমেজের জোরে সেই দলগুলোকে নিজের পক্ষে টানার সক্ষমতা রাখেন।
সাবেক আইডিএফ প্রধান আইজেনকোটকে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন নেতানিয়াহু। যুদ্ধের কঠিন অভিজ্ঞতা পার করে আসা আইজেনকোটকে কোনো রাজনৈতিক কৌশলে কাবু করা সহজ হবে না বলেই অভিমত বিশ্লেষকদের।
এদিকে নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর বিচার প্রক্রিয়ার চিত্রও বদলে যেতে পারে। ক্ষমতাচ্যুত হলে চলমান দুর্নীতি মামলায় তাঁর সশরীরে আদালতে উপস্থিতির ওপর কড়া আইনি নিয়ম চেপে বসবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: জেরুসালেম পোস্ট
প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক
গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় নিতে দেয়া হবে না