গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য একসঙ্গে জাতীয় সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর সংলাপেও ১১ দলের পক্ষ থেকে একসঙ্গে অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এজন্য ১১ দলের জন্য আলাদা সময় বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আজকের বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো দেশের চলমান সংকট, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট পরিস্থিতি এবং এ বিষয়ে প্রস্তাবিত জাতীয় সংলাপ। অন্যটি হলো নির্বাচন কমিশনের আয়োজিত রাজনৈতিক দলগুলোর সংলাপ।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে দেশে সংকট তৈরি হয়েছে। এই সংকটের সুযোগ নানাভাবে নেওয়া হচ্ছে। জুলাইয়ের সময় সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখান থেকে দেশ এখন বিভক্তির দিকে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব অনেক বেশি ছিল। কিন্তু সরকার যথাযথভাবে কাজ না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তিনি বলেন, জাতীয় সংলাপ ও আলোচনার বিষয়ে সবার আগ্রহ রয়েছে। বিরোধীদলীয় নেতা দেশের বাইরে ছিলেন। তিনি দেশে ফেরার পর এ বিষয়ে আগ্রহ আরও বেড়েছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, উভয় পক্ষের সময় সমন্বয় করে সংলাপের দিন-তারিখ ঠিক করা হবে। এ আলোচনা বেশ কয়েক দিন ধরে চলমান রয়েছে।
নির্বাচন কমিশনের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে। ২৯ নভেম্বর ১৯টি দল, ৩০ নভেম্বর ১৮টি দল এবং ১ ডিসেম্বর ১৮টি দলের সঙ্গে সংলাপের জন্য তিনটি স্লট নির্ধারণ করে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, গতকাল জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এ বিষয়ে ব্রিফিং করা হয়েছে। সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাদের অবস্থান স্পষ্ট করেছেন। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, জামায়াত আলাদাভাবে কিংবা অন্য দলগুলো আলাদাভাবে নয়, বরং ১১ দল একসঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে। এ জন্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবেও আবেদন করা হবে। ১১ দলের জন্য আলাদা একটি সময় বরাদ্দ করে সংলাপ আয়োজনের অনুরোধ জানানো হবে।
জাতীয় সংলাপের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান সংকটের মূল ইস্যু কোনো একটি দলের নয়, এটি পুরো জাতির ইস্যু। রাজনৈতিক দলগুলো জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। ১১ দল রাজপথে আন্দোলন করেছে এবং সংসদে বিরোধী দলের অবস্থান থেকেও বারবার গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। সংসদ সদস্যরা নোটিশ দিয়েছেন, আলোচনা ও সিদ্ধান্তের দাবি তুলেছেন। পরবর্তী সময়ে রাজপথের আন্দোলনে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে।
তিনি বলেন, জনগণের মধ্যেও এ দাবির ব্যাপক সাড়া দেখা গেছে। এটি কোনো একক দলের দাবি নয়। তাই এককভাবে জাতীয় সংলাপে অংশ নিতে চায় না ১১ দলীয় ঐক্য। যে ইস্যুতে ১১ দল আন্দোলন করছে, সাত দফা দাবির মধ্যে মৌলিক দাবি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। এ কারণে জাতীয় সংলাপেও ১১ দল একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংলাপের অ্যাজেন্ডা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নই মূল ইস্যু। এর বাইরে আরও কোনো দাবি বা বিষয় আসবে কি না, তা আলোচনার বিষয়। জনগণ যে প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছে, সেটি সফলভাবে এগিয়ে নিতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে সরকার যখন আলোচনায় বসবে, তখন ১১ দলের শীর্ষ পর্যায়ে বৈঠক করে অ্যাজেন্ডা ঠিক করা হবে। এরপর সংলাপে অংশ নেওয়া হবে।
গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কার কীভাবে হবে, তা জনগণ ঠিক করে দিয়েছে। জুলাই সনদে ৪৮টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণ প্রায় ৭০ শতাংশ ভোট দিয়েছে। সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এ সংস্কার হবে। ১৮০ দিনের মধ্যে তা সম্পন্ন করার কথা রয়েছে। সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে সেই পরিষদের অধিবেশন পরিচালনা করবেন। এসব বিষয় জনগণ অনুমোদন করে দিয়েছে।
তিনি বলেন, এখন আলোচনা হবে কীভাবে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় এবং মাঝখানে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা কীভাবে নিরসন করা যায়। সংকট নিরসনের জন্যই এ সংলাপ প্রয়োজন।
সরকারের সঙ্গে আলোচনায় বসার আগে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১ দল কখনো বলেনি যে জুলাই সনদ বাস্তবায়ন হলেই কেবল আলোচনায় বসবে। বরং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই আলোচনার ভিত্তি। আলোচনা হওয়ার পরই তো বাস্তবায়নের বিষয়টি এগিয়ে যাবে। জনগণ প্রক্রিয়া ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এখন কীভাবে তা বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া যায়, সেটিই আলোচনার বিষয়।
তিনি আরও বলেন, পুরোনো বক্তব্য দিয়ে সংকটের সমাধান হবে না। দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে সংকট নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।