ভুয়া নিয়োগপত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে প্রতারণা করছে একটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চাকরি প্রত্যাশীসহ সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায় এবং ভুয়া নিয়োগপত্র বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগপত্রের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে কাউকে অর্থ প্রদান না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সব নিয়োগ কার্যক্রম সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়।

নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

এ ছাড়া প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীসহ সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।