ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন মার্সিডিজের ইতালীয় চালক কিমি আন্তোনেল্লি। ২০ বছর ৬৮ দিন বয়সে মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় স্থান অর্জন করে মৌসুমের শিরোপা নিশ্চিত করেছেন তিনি। এর মধ্য দিয়ে ১৯৫৩ সালের পর প্রথম ইতালীয় হিসেবে ফর্মুলা ওয়ানের চ্যাম্পিয়ন হলেন আন্তোনেল্লি।
রোববার (১ নভেম্বর) মেক্সিকো সিটির অটোদ্রোমো হারমানোস রদ্রিগেজ সার্কিটে অনুষ্ঠিত রোমাঞ্চকর প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ফিনিশিং লাইন পার হওয়ার পর দলের রেডিওতে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তরুণ চালক। আনন্দে কেঁদে ফেলেন তিনি।
রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন লাল পতাকার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং পরে পুনরায় শুরু হওয়া রেসে প্রথম স্থান অর্জন করেন। এটি চলতি মৌসুমে তাঁর দ্বিতীয় জয়। তবে আন্তোনেল্লি তৃতীয় হওয়ায় সামগ্রিক পয়েন্ট তালিকায় তাঁর ব্যবধান দাঁড়ায় ১১৯ পয়েন্টে, যা অন্য চালকদের পক্ষে অতিক্রম করা অসম্ভব। ফলে মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা নিশ্চিত হয় তাঁর।
ফেরারির লুইস হ্যামিল্টন পোল পজিশন থেকে রেস শুরু করে দ্বিতীয় স্থান অর্জন করেন। তবে সতীর্থ চার্লস লেক্লেরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। পুরো রেসে ছিল নানা নাটকীয়তা। দুটি সেফটি কার, একাধিক দুর্ঘটনা এবং ৭১ ল্যাপের রেসে ২৫ ল্যাপ বাকি থাকতে ৩৩ মিনিটের বিরতি পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
ফিনিশিং লাইন পার হওয়ার পর আন্তোনেল্লির রেস ইঞ্জিনিয়ার পিটার বনিংটন রেডিওতে বলেন, ‘দারুণ করেছ, কিমি। তুমি এখন চ্যাম্পিয়ন।’
জবাবে আবেগাপ্লুত আন্তোনেল্লি বলেন, ‘আমরা পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
রেস শেষে গাড়ি থেকে নামতেই তাঁর বাবা-মা ও বোন তাঁকে জড়িয়ে ধরেন। পরে দলের সদস্যরাও তাঁকে ঘিরে আনন্দ উদ্যাপন করেন।
এর আগে ফর্মুলা ওয়ানের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের রেকর্ড ছিল জার্মানির সেবাস্তিয়ান ফেটেলের। ২০১০ সালে ২৩ বছর ১৩৪ দিন বয়সে রেড বুলের হয়ে প্রথমবার শিরোপা জিতেছিলেন তিনি। আন্তোনেল্লির এই অর্জনের মধ্য দিয়ে সেই রেকর্ড ভেঙে গেল।
দর্শকদের উদ্দেশে আন্তোনেল্লি বলেন, কী বলবেন বুঝতে পারছেন না। কী ঘটেছে, তা এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন তিনি। তাঁর ভাষায়, মৌসুমটি ছিল অসাধারণ। ম্যাক্স ও লুইসের সঙ্গে একই মঞ্চে থাকতে পারা ছিল বিশেষ আনন্দের। ভবিষ্যতে তাঁদের সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষায় রয়েছেন তিনি।
তিনি আরও বলেন, এই সপ্তাহান্তে কিছুটা বেশি চাপ অনুভব করলেও শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরে ভীষণ খুশি। এখন মৌসুমের বাকি সময়টা উপভোগ করতে চান।
পডিয়ামে ইতালির পতাকা কাঁধে জড়িয়ে শ্যাম্পেন ছিটিয়ে উদ্যাপন করেন আন্তোনেল্লি। পরে সংবাদ সম্মেলনে জানান, শেষ ল্যাপে আবেগ সামলাতে না পেরে গতি কমিয়ে দিয়েছিলেন। আবেগের কারণে ঠিকমতো ট্র্যাক দেখতে পাচ্ছিলেন না বলেও জানান তিনি।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় ভার্স্টাপেন, চারে রাসেল
মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে ফেরারির চার্লস লেক্লের চতুর্থ, ম্যাকলারেনের বর্তমান চ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস পঞ্চম এবং আন্তোনেল্লির মার্সিডিজ সতীর্থ জর্জ রাসেল ষষ্ঠ হয়েছেন।
এই ফলের ফলে চালকদের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভার্স্টাপেন। হ্যামিল্টন রয়েছেন তৃতীয় স্থানে। মৌসুম শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত রাসেল নেমে গেছেন চতুর্থ স্থানে। আন্তোনেল্লির চেয়ে তিনি পিছিয়ে ১৩০ পয়েন্টে।
অন্যদিকে, কনস্ট্রাক্টরস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মার্সিডিজ। ফেরারির পয়েন্ট ৫০৪। আগামী সপ্তাহে ব্রাজিল গ্রাঁ প্রিতেই দলীয় শিরোপা নিশ্চিত করার সুযোগ রয়েছে মার্সিডিজের।
দুর্ঘটনা ও বিরতিতে নাটকীয় হয়ে ওঠে রেস
৭১ ল্যাপের রেসের ৪৬তম ল্যাপে সেফটি কার মাঠে নামার পর প্রতিযোগিতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ক্যাডিলাকের চালক ভালতেরি বোটাসের গাড়ির সামনের বাঁ পাশের সাসপেনশন দ্রুতগতিতে চলার সময় বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথম বাঁকের সুরক্ষা দেয়ালে আঘাত করে।
গাড়ির ভেতরেই বোটাসকে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজেই হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন এবং হাতের ইশারায় সবাইকে জানান, তিনি ভালো আছেন। তাঁকে মেডিকেল সেন্টারে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
রেস পুনরায় শুরু হলে ভার্স্টাপেন এগিয়ে থাকেন। তাঁকে চ্যালেঞ্জ জানান হ্যামিল্টন। এ সময় আন্তোনেল্লি লেক্লেরকে পেছনে ফেলেন। পরে লিন্ডব্লাড ও পিয়াস্ত্রির গাড়ির সংঘর্ষে আবারও সেফটি কার মাঠে নামে। শেষ পর্যন্ত চেকার্ড পতাকা ওড়ার নয় ল্যাপ আগে প্রতিযোগিতা পুনরায় শুরু হয়।
সতীর্থের বিরুদ্ধে ক্ষোভ হ্যামিল্টনের
ক্যারিয়ারে ১০৫তমবারের মতো পোল পজিশন থেকে রেস শুরু করেন হ্যামিল্টন। তবে ফেরারির হয়ে পূর্ণাঙ্গ গ্রাঁ প্রিতে এবারই প্রথম পোল পজিশন থেকে শুরু করেছিলেন তিনি। শুরুতে তৃতীয় স্থান থেকে রেস শুরু করা সতীর্থ লেক্লেরকে পেছনে রাখার চেষ্টা করেন ব্রিটিশ এই চালক।
প্রথম কয়েকটি বাঁকে দুজন পাশাপাশি চললেও চতুর্থ বাঁকে লেক্লের ট্র্যাকের বাইরে ঘাসের ওপর দিয়ে চলে যান। দুজনের লড়াইয়ের সুযোগে ভার্স্টাপেন হ্যামিল্টনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসেন। এ সময় গাড়ির রেডিওতে হ্যামিল্টন বলেন, ‘নিজের সতীর্থই আমাকে ট্র্যাকের বাইরে ঠেলে দিয়েছে।’
এ ঘটনায় রেস পরিচালকেরা লেক্লেরকে পাঁচ সেকেন্ডের পেনাল্টি দেন। তবে তাতেও হ্যামিল্টনের অবস্থানের উন্নতি হয়নি। ২৮ ও ২৯তম ল্যাপে দুজনের পিট স্টপের পরও লেক্লেরের পেছনেই ছিলেন তিনি। এ সময় লেক্লের নিজের পেনাল্টির সময়ও পূরণ করেন।
অন্যদিকে, প্রথম সারি থেকে রেস শুরু করলেও শুরুতেই ভালো করতে পারেননি রাসেল। পঞ্চম স্থানে নেমে যাওয়ার পর রেড বুলের চালক হাদজারের গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ান তিনি। এ ঘটনায় রাসেলকে ১০ সেকেন্ডের পেনাল্টি দেওয়া হয়।
সূত্র: আল-জাজিরা