অধিকৃত পশ্চিম তীরের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত হেবরনে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শহরটিতে অবরোধ জারি থাকায় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ১৫টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইসরায়েলি অভিযানে ক্ষয়ক্ষতি কমাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। ধ্বংসের তালিকায় থাকা একটি বড় গৃহস্থালি পণ্যের গুদাম থেকে পণ্য সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছেন তাঁরা। যতটা সম্ভব মালামাল সরিয়ে ব্যবসার ক্ষতি কমানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
তবে এই সামরিক অভিযান স্থানীয় অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। শুধু হেবরন নয়, শহরটিতে অবরোধের কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় পশ্চিম তীরের অন্যান্য শহরের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হেবরন চেম্বার অব কমার্সের প্রধান আবদো ইদ্রিস জানিয়েছেন, এরই মধ্যে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ডলারে পৌঁছেছে। অবরোধের কারণে পণ্য সরবরাহের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হওয়ায় আশপাশের শহরগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। সামরিক অভিযান ও অবরোধ দীর্ঘায়িত হলে হেবরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
ইরানে নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যকে ভয়াবহ মূল্য দিতে হবে: এলবারাদি
ইরানি নেতাদের হত্যায় আমরা হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প