বিসিবির প্রথম পরিবহন স্পনসর ‘গাড়িবুক’

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পরিবহন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরিবহন সহযোগী হিসেবে থাকছে দেশীয় প্রতিষ্ঠান গাড়িবুক। এ জন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।

আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পুরো সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে থাকবে গাড়িবুকের ব্র্যান্ডিং।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মিরপুরে গাড়িবুক ও বিসিবির মধ্যে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গাড়িবুক ডটকম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবে। এটার জন্য তারা আমাদের বোর্ডকে ২৫ লাখ টাকা দিচ্ছে। তারা ভবিষ্যতেও থাকবে।’

গাড়িবুকের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের একটা স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকতে চাই।’