ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিচ্ছেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে চুক্তি করেও শেষ পর্যন্ত খেলতে না পারার অভিজ্ঞতার পর এবার নিলামের তালিকা থেকেই নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলে গতবারের ঘটনা এবং দেশে সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা মোস্তাফিজের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, নিলামে দল না পেলে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন এই পেসার। এ কারণে নিলামে নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত বছরের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিসিআই তখন সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।
এ ঘটনা দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। পরবর্তী সময়ে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও বড় পরিসর পায়।
এদিকে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকছেন না মোস্তাফিজ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেন তিনি। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছেন বাংলাদেশের এই পেসার।
বর্তমানে মোস্তাফিজের সামনে রয়েছে আন্তর্জাতিক ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। তবে পিএসএলে তার অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের ২০২৭ মৌসুমের মিনি নিলাম। মোস্তাফিজের নাম না থাকলেও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন।