আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে নাম নিবন্ধন করেননি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ক্রিকইনফোর প্রকাশিত নিলামের প্রাথমিক তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
গত আসরে মোস্তাফিজকে চড়া দামে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজনৈতিক বাস্তবতায় এবং বিসিসিআইয়ের নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছাড়তে বাধ্য হয়, যার ফলে মাঠে নামা হয়নি তার।
ওই ঘটনার প্রভাব গড়ায় বৈশ্বিক টুর্নামেন্টেও। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি জানায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত আসরে অংশ নেয়নি।
মোস্তাফিজের পাশাপাশি এবারের নিলামে দেখা যাবে না তরুণ গতিতারকা নাহিদ রানাকেও। সবশেষ ভারত সফরে দারুণ আলোচনায় থাকলেও তিনি নিলামে নাম দেননি।
তবে নিলামের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, মো. রুবেল ও রিপন মণ্ডল।
বাকি ছয়জন ক্রিকেটার হলেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন, সাইফ হাসান ও শামীম হোসেন।
আসন্ন মিনি নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি খেলোয়াড়।
ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার দলে নিতে পারবে। বিদেশি কোটায় বরাদ্দ রয়েছে মাত্র ২৫টি স্লট।
ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?