দাপুটে জয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে শক্ত ভিত গড়ে তুলেছে লাল-সবুজের তরুণরা। জয়ের নায়ক অভিষিক্ত ফরোয়ার্ড রোনান সুলিভান, যিনি জোড়া গোল করে ম্যাচে পার্থক্য গড়ে দেন।
মালদ্বীপের মালেতে মঙ্গলবার (২৪ মার্চ) ‘বি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। তবে বিরতির পরই বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৫৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন রোনান।
গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেলেও একা গোলরক্ষকের সামনে বল পেয়েও তা কাজে লাগাতে পারেননি মোহাম্মদ মুর্শেদ আলী। অন্যদিকে ৬১তম মিনিটে পাকিস্তান বল জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে তা বাতিল করেন রেফারি।
ক্রমাগত আক্রমণের ধারাবাহিকতায় ৬৭তম মিনিটে আবারও জ্বলে ওঠেন রোনান সুলিভান। সতীর্থের ক্রস থেকে নিখুঁত হেডে নিজের দ্বিতীয় এবং দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
শেষদিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ৮৪তম মিনিটে শ্রী সুমনের ক্রস থেকে নাজমুল হুদা ফয়সাল হেড করলেও লক্ষ্যভ্রষ্ট হন। তাতে অবশ্য জয়ের আনন্দে ভাটা পড়েনি।
শেষ বাঁশি বাজার পর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন রোনান সুলিভান। স্কোয়াডে থাকলেও এদিন মাঠে নামা হয়নি তার ভাই ডেক্লান সুলিভানের।
এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পরের ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে দলটি।