এশিয়ান গেমস ফ্রিস্টাইল কুস্তিতে ইরানের দুই স্বর্ণপদক

এশিয়ান গেমসের কুস্তিতে একদিনেই দুটি স্বর্ণপদক জিতেছে ইরান। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৮৬ কেজিতে জাপানের হায়াতো ইশিগুরোকে হারিয়ে শিরোপা জিতেছেন মোহাম্মদ নোখোদি। আর ১২৫ কেজিতে চীনের বুহেইরদুনকে পরাজিত করে সোনা ধরে রেখেছেন আমির হোসেইন জারেহ।

শুক্রবার (২ অক্টোবর) ৮৬ কেজির ফাইনালে ইশিগুরোকে ৯-৬ পয়েন্টে হারান বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্যজয়ী নোখোদি। ৭৯ কেজি থেকে ৮৬ কেজিতে উঠে এসে এটাই তার বড় সাফল্য।

ফাইনালের আগে নোখোদি তিনটি লড়াইয়ে জয় পান। প্রথম পর্বে ফিলিস্তিনের রাইয়ান আবুরিয়ালাকে ১১-০ পয়েন্টে হারান তিনি। এরপর দক্ষিণ কোরিয়ার লি গিয়ংইয়নকে ১১-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন। শেষ চারে কিরগিজস্তানের মালিক শাভায়েভকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

স্বর্ণ জয়ের পর নোখোদি তাকে সমর্থন করা সবাই এবং তার জন্য প্রার্থনা করা ইরানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ৮৬ কেজি বিভাগে আগে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা এবার তাকে মানিয়ে নিতে সহায়তা করেছে বলেও জানান তিনি। দুই-তিন মাস আগে মঙ্গোলিয়ায় একটি র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় এই ওজন শ্রেণিতে লড়াই করেছিলেন নোখোদি। তবে তার মতে, অনুশীলন আর প্রতিযোগিতার অভিজ্ঞতা এক নয়।

আগামী মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নোখোদি আশা প্রকাশ করেন, ইরানের কুস্তিগিররা আবারও দেশের সমর্থকদের আনন্দের উপলক্ষ তৈরি করতে পারবেন।

অন্যদিকে ১২৫ কেজিতে শুরু থেকেই দাপট দেখান জারেহ। জাপানের তাইকি ইয়ামামোতোকে ১০-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেন বিশ্ব চ্যাম্পিয়ন ও এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন এই ইরানি। এরপর তুর্কমেনিস্তানের জিয়ামুহাম্মেত সাপারভকে ১১-০ ব্যবধানে হারিয়ে কারিগরি শ্রেষ্ঠত্বে জয় পান তিনি।

সেমিফাইনালে কাজাখস্তানের ইয়েদিগে কাসিমবেককে ৩-৩ সমতায় রেখে নিয়ম অনুযায়ী জয় পান জারেহ। ফাইনালে অবশ্য আর কোনো হিসাব-নিকাশে যেতে হয়নি তাকে। চীনের বুহেইরদুনকে ১২-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের ১২৫ কেজি বিভাগে সোনা জেতেন তিনি।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জারেহ প্যারিস ২০২৪ অলিম্পিকে রৌপ্য এবং টোকিও ২০২০ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। ২০২৩ সালের এশিয়ান গেমসেও ১২৫ কেজিতে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।

শিরোপা ধরে রাখার পর জারেহ বলেন, এবারের আসরে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করেই তাকে সোনা জিততে হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিকে সামনে রেখে এশিয়ান গেমসেও প্রতিটি দল তাদের সেরা কুস্তিগিরদের পাঠিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জারেহ বলেন, অনেকেই হয়তো আগেই তার হাতে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন। কিন্তু প্রতিযোগিতার মঞ্চ দেখিয়েছে, চ্যাম্পিয়ন হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। নিজের সাফল্যের জন্য ইরানের কোচিং স্টাফ, কুস্তি ফেডারেশনের কর্মকর্তাদের পাশাপাশি দেশটির জনগণের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।

এবারের স্বর্ণপদকটি শিয়া মুসলিমদের অষ্টম ইমাম ইমাম রেজার মাজারের জাদুঘরে উৎসর্গ করার ইচ্ছার কথাও জানিয়েছেন জারেহ। তার ভাষায়, এই পদকের প্রকৃত মালিক ইমাম রেজা এবং তার অর্জন তার কৃপা ও আশীর্বাদের ফল।

এর আগে গ্রেকো-রোমান কুস্তির ৭৭ কেজিতে জাপানের অলিম্পিক চ্যাম্পিয়ন নাও কুসাকাকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইরানের হয়ে সোনা জিতেছেন আলিরেজা আবদেভালি। ফলে কুস্তিতে ইরানের সাফল্যের তালিকায় আরও দুটি স্বর্ণ যুক্ত হলো।

এশিয়ান গেমসে এখন পর্যন্ত ইরানের পদকসংখ্যা ১৪ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জ। পদক তালিকায় দেশটির অবস্থান সপ্তম। জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এবারের এশিয়ান গেমস চলবে ৪ অক্টোবর পর্যন্ত। সূত্র: প্রেস টিভি