স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৭ আল্ট্রা’ নিয়ে প্রযুক্তি বিশ্বে নতুন গুঞ্জন শুরু হয়েছে। জনপ্রিয় লিকস্টার ‘আইস ইউনিভার্স’-এর দাবি অনুযায়ী, আসন্ন এই স্মার্টফোনটিতে ক্যামেরা সেটআপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান এই প্রযুক্তি জায়ান্ট। বিশেষ করে, পূর্বসূরি মডেলগুলোর তুলনায় এতে ক্যামেরার সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
গ্যালাক্সি এস২৭ আল্ট্রার ডিজাইনে আমূল পরিবর্তন আসতে পারে, যেখানে ক্যামেরা আইল্যান্ডের অবস্থান বদলে যাওয়ার গুঞ্জন রয়েছে। তবে সবচেয়ে বড় চমকটি হলো এর ক্যামেরা হার্ডওয়্যারে। জানা গেছে, গ্যালাক্সি এস২৬ আল্ট্রা বা এর আগের মডেলগুলোতে থাকা ‘৩ এক্স টেলিফটো’ (3x telephoto) ক্যামেরাটি এস২৭ আল্ট্রা থেকে সরিয়ে ফেলা হতে পারে।
স্যামসাং কি চতুর্থ ক্যামেরার বদলে অন্য কিছু যুক্ত করবে, নাকি ফোনটি মাত্র তিনটি রিয়ার ক্যামেরা নিয়ে বাজারে আসবে—তা এখনও স্পষ্ট নয়। তবে আইস ইউনিভার্সের শেয়ার করা রেন্ডার বা কাল্পনিক চিত্রটি জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রা একটি ‘ট্রিপল রিয়ার ক্যামেরা’ সিস্টেমের সাথে আসতে পারে। অনেকের কাছে এটি একটি ‘ডাউনগ্রেড’ বা মান কমিয়ে দেওয়া মনে হতে পারে। তবে বাজারে ভিভো এক্স ৩০০ আল্ট্রার মতো তিনটি ক্যামেরা সম্পন্ন ফোনও সেরা পারফরম্যান্স দিচ্ছে, যা স্যামসাংকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বর্তমানে স্যামসাং ফ্যানদের নজর এখন এটি দেখার দিকে যে, তিনটি ক্যামেরার মাধ্যমেই তারা পূর্বের তুলনায় উন্নত ছবি ও ভিডিওগ্রাফি অভিজ্ঞতা দিতে পারে কি না। সূত্র: জিএসএম এরিনা