জেনে নিন ‘স্মার্ট ইলেকশন’ অ্যাপ ব্যবহারের নিয়ম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন ভোটের ফল দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই রিয়েল টাইমে নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।

ইসি জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রভিত্তিক ফলাফল, প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং ভোটের শতকরা হারসহ বিভিন্ন তথ্য সহজে জানা যাবে।

যেভাবে ব্যবহার করবেন অ্যাপটি

অ্যাপ ডাউনলোড ও ইনস্টলেশন

অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলে অ্যাপটি পাওয়া যাবে। ডাউনলোডের পর ইনস্টল করে ওপেন করতে হবে।

লগইন প্রক্রিয়া

সাধারণ ফলাফল দেখার জন্য লগইন প্রয়োজন হয় না। তবে ব্যক্তিগত ভোটার তথ্য, ভোটার স্ট্যাটাস বা ইভিএম-সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হতে পারে।

ফলাফল দেখার ধাপ

অ্যাপের হোম স্ক্রিনে ‘ইলেকশন রেজাল্টস’ বা ‘ভোটিং রেজাল্টস’ অপশন থেকে নির্বাচনের ধরন বেছে নিতে হবে—জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর জেলা, উপজেলা বা ওয়ার্ড নির্বাচন করলে সংশ্লিষ্ট এলাকার ফলাফল দেখা যাবে।

প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল সরাসরি অ্যাপে আপলোড করা হবে। সেখানে প্রার্থী বা দলভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা ও শতাংশ দেখা যাবে।

গ্রাফ ও চার্টে উপস্থাপনা

ফলাফল সহজভাবে বোঝার জন্য অ্যাপটিতে গ্রাফ ও চার্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করা হবে। লাইভ আপডেটের মাধ্যমে ধাপে ধাপে ভোট গণনার অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তির ব্যবহারে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নির্বাচনের ফলাফল জনগণের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

NB/FJ
আরও পড়ুন