আন্তর্জাতিক পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের জুলাই মাসের পাসপোর্ট সূচকে ফের পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি গন্তব্যের ওপর তথ্য বিশ্লেষণ করে ২১ জুলাই মঙ্গলবার এ সূচক প্রকাশ করা হয়।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৭তম। চলতি বছরের শুরুতে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম, অর্থাৎ ছয় মাসের ব্যবধানে মান দুই ধাপ কমেছে।
বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া বা পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধা পাবেন। যেখানে ২০২৫ এবং ২০২৬ সালের জানুয়ারিতেও এ সংখ্যা ছিল ৩৭টি।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বর্তমানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে অবস্থান করছে উত্তর কোরিয়া। তবে ২০২৫ সালের জুলাইয়ের (১০০তম) তুলনায় চলতি বছরে বাংলাদেশের সার্বিক মান তিন ধাপ এগিয়েছে।
বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ১৭টি দেশে সম্পূূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ পাবেন, যেখানে পৌঁছাতে পূর্ব অনুমতির প্রয়োজন নেই। দেশগুলো হলো—রুয়ান্ডা, বাহামা, বার্বাডোজ, জাম্বিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, কুক আইল্যান্ডস, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
এছাড়া ভুটান, বুরুন্ডি, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, সিয়েরা লিওন, নিউই, সামোয়া ও টুভ্যালু—এই ১৪টি দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা সুবিধা মিলবে।
অন্যদিকে শ্রীলঙ্কা, কেনিয়া এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস—এই তিনটি দেশে ভ্রমণের পূর্বে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ (eTA) ফর্ম পূরণ করে প্রাক-অনুমতি নিতে হবে।
২০০৬ সালের হেনলি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম, তবে সময়ের সাথে সাথে মান ক্রমাগত কমেছে। ২০২১ সালের জুলাইয়ে সর্বকালের সর্বনিম্ন ১০৮তম অবস্থানে নেমে যাওয়ার পর আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে।
চলতি সূচকে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধাসহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে মালদ্বীপ (৫২তম), যাদের নাগরিকরা ৯৩টি দেশে সহজে যেতে পারেন। এ অঞ্চলে ভারতের অবস্থান ৮১তম, ভুটান ৮৮তম, শ্রীলঙ্কা ৯৪তম, নেপাল ৯৮তম এবং পাকিস্তান ১০১তম।
সূচকের একদম তলানিতে অর্থাৎ ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া মাত্র ২২টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন।
তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স (Henley Passport Index, July 2026 Update)