৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা নীতিতে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় একটি বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট ৫০টি দেশের নাগরিকদের জন্য 'ভিসা বন্ড' কর্মসূচি স্থায়ীভাবে চালু করা হচ্ছে।

এই নতুন ব্যবস্থার আওতায় বি১ (ব্যবসা) ও বি২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড হিসেবে জমা দিতে হতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে অন্তত ৩০টিই আফ্রিকা মহাদেশের।

সম্প্রতি অনলাইনে প্রকাশিত মার্কিন ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের ওপর এই আর্থিক শর্ত আরোপ করতে পারবেন।

মূলত ভিসার নির্ধারিত মেয়াদ শেষে বেআইনিভাবে অবস্থান (ওভারস্টে) কমানোর কৌশল হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ২০২৫ সালের একটি পাইলট প্রকল্পের সফল পর্যালোচনার পরই এটি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের পাইলট প্রকল্পে বন্ডের পরিমাণ ৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের মধ্যে থাকলেও, নতুন নিয়মে ৫ হাজার ডলারের ধাপটি বাতিল করে সর্বোচ্চ সীমা ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।

৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে চূড়ান্ত প্রকাশের দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তবে মানবাধিকারকর্মীদের দাবি, কঠোর এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হবে।

সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি জাতিগত বৈষম্য বাড়াবে এবং মুক্ত ভ্রমণের ওপর বাধা সৃষ্টি করবে। যদিও ট্রাম্প প্রশাসন এটিকে জাতীয় নিরাপত্তা জোরদারের অপরিহার্য অংশ বলে দাবি করেছে।

একই সাথে বৈধ অভিবাসন প্রক্রিয়া কঠিন করতে অতিরিক্ত ফি আরোপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে পর্যালোচনার নিয়মও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ