ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

মায়ের সঙ্গে বাজারে কেনাকাটা করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ৭ বছরের শিশু হাফসার। একটি ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো তার। 

শনিবার (১ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের পিপরল স্ট্যান্ড এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, শনিবার সকালে বাবা বিদেশে থাকায় হাফসা তার মায়ের সঙ্গে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে কেনাকাটা করতে আসে। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নসিমনে করে তারা পিপরল স্ট্যান্ডে নামেন। এরপর রাস্তা পার হওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

MCH
আরও পড়ুন