দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের বিষয়ে আজ বৃহস্পতিবার (৭ মে) নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারে ইরান। পাকিস্তানভিত্তিক একটি মধ্যস্থতাকারী সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, ইরানিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে এবং তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কোনো বাধা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে দ্রুত সময়ে জবাব চেয়েছেন।
এর পাশাপাশি পাকিস্তানি সূত্রটি আরও জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়েও সম্ভাব্য সমাধান আসতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে এবং উভয় পক্ষ হরমুজ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে।
এর আগে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছিল, হরমুজ নিয়ে ব্যাপক যোগাযোগ হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ প্রত্যাহার করে নেয় তাহলে ধীরে ধীরে হরমুজ খুলে দেওয়া হতে পারে।
গত বুধবার ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি তিনি হুমকি দেন, যদি তাদের শর্ত অনুযায়ী চুক্তি না হয় তাহলে ইরানে তাৎক্ষণিকভাবে বোমাবর্ষণ শুরু হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এরসঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করেও ব্যাপক হামলা শুরু করে তারা। যা শেষদিকে জ্বালানি অবকাঠামো পর্যন্ত গড়ায়।
টানা ৪০ দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। যা এখনো অব্যাহত আছে। সূত্র: আল-আরাবিয়া