নতুন পারমাণবিক স্থাপনা উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন, পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো ইচ্ছা তার নেই। বরং দেশের অস্ত্রভাণ্ডার আরও বড় করতে নতুন একটি পারমাণবিক উপাদান উৎপাদন স্থাপনা পরিদর্শন করে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা গেছে, কিম জং উন স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। সেখানে তিনি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কিমের দাবি, গত কয়েক বছরে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের নিরাপত্তা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

উত্তর কোরিয়া স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ না করলেও বিশ্লেষকদের ধারণা, এটি দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ইয়ংবিয়নের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। প্রকাশিত ছবিতে কিমকে বিশেষায়িত যন্ত্রপাতির সারির মধ্যে দিয়ে পরিদর্শন করতে দেখা গেছে।

কিমের এই পদক্ষেপকে শুধু একটি কারখানা পরিদর্শন হিসেবে দেখছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এটি মূলত বিশ্বের উদ্দেশে একটি রাজনৈতিক বার্তা। সেই বার্তায় উত্তর কোরিয়া জানিয়ে দিচ্ছে যে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায়।

এমন এক সময়ে এই ঘোষণা এলো, যখন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। ফলে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: সিএনএন